ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন: কিয়েভ
ইউক্রেনে হামলা আরও তীব্র করতে পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি সামরিক ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু হয়েছে বলে দাবি করেছে কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ইউনিটের কাছে অন্তত ১২০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি উৎক্ষেপক বা লাঞ্চার থাকতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা পরিদপ্তরের (জিইউআর) কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে ১১২তম মিসাইল ব্রিগেডের অধীনে প্রায় ৯০ জন উত্তর কোরীয় সেনা সদস্যের এই নতুন ক্ষেপণাস্ত্র ইউনিটটি গড়ে তোলার পরিকল্পনা করছে মস্কো।
তিনি আরও জানান, পিয়ংইয়ং ইতোমধ্যে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ মডেলের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় জনবল রাশিয়ায় পাঠিয়েছে। তবে এই মোতায়েনের পূর্ণাঙ্গ রূপরেখা এবং মোট কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, তা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত করা হবে।
ইউক্রেন সামরিক বাহিনী জানাচ্ছে, দীর্ঘ দূরত্বের ও বড় পে-লোড বহনে সক্ষম উত্তর কোরিয়ার কেএন-২৩ ও কেএন-২৪ ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের চেয়ে আকারে বড় হলেও এদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার নিখুঁত ক্ষমতা বা অ্যাকুরেসি তুলনামূলক কম। ফলে এগুলো ব্যবহারে বেসামরিক হতাহতের ঝুঁকি অনেক বেশি থাকে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা সীমাবদ্ধ থাকায় এই ধরণের হামলা ঠেকানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং ২০২৪ সালে দুই দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











