৪ বছর পর জনসমক্ষে অং সান সু চি: রেড ক্রস প্রতিনিধির সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ্যে

০৩ আগস্ট ২০২৬ - ১৪:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৪ বছর পর জনসমক্ষে অং সান সু চি: রেড ক্রস প্রতিনিধির সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ্যে
৪ বছর পর জনসমক্ষে অং সান সু চি। ছবি:সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি জীবিত ও সুস্থ রয়েছেন—এমন আভাস দিয়ে তাঁর কিছু নতুন ছবি প্রকাশ করেছে দেশটির সামরিক সরকার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম তাঁর সাম্প্রতিক ছবি জনসমক্ষে আনা হলো।

​সোমবার (৩ আগস্ট) মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো জানায়, রাজধানী নেপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাকের সঙ্গে এক বৈঠকে অংশ নেন ৮১ বছর বয়সী এই নেত্রী। সরকারিভাবে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, সু চি রেড ক্রসের প্রতিনিধির সঙ্গে করমর্দন করছেন এবং একটি কক্ষে আলোচনায় ব্যস্ত রয়েছেন। তবে এই বৈঠকের নির্দিষ্ট স্থান বা আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে আইসিআরসির পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​এর পাশাপাশি সু চির জন্মদিনের কেক কাটার আরও দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’ লেখা কেক কাটার সময় তাঁকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও ছবি দেখে সুনির্দিষ্টভাবে শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব নয় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

​উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে সু চিকে আটক রাখা হয়। চলতি বছরের এপ্রিলে এক বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে সাধারণ ক্ষমার অধীনে তাঁর সাজা কমিয়ে কারাগার থেকে গৃহবন্দিত্বে নেওয়ার কথা জানানো হয়েছিল। তাঁর যুক্তরাজ্যবাসী ছোট ছেলে কিম অ্যারিসসহ গণতন্ত্রপন্থি কর্মীরা দীর্ঘদিন ধরে সু চির শারীরিক অবস্থা ও জীবনের নিরাপত্তার প্রমাণের দাবি জানিয়ে আসছিলেন। অন্যদিকে, সু চির বিরোধীদের গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র নে ফোন লাত এই বৈঠককে কোনো ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখতে নারাজ। তিনি সু চির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0