বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মেটলাইফ স্টেডিয়ামে
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিনেতার এবারের আমেরিকা সফরের মূল আকর্ষণগুলোর একটি হলো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করা। টিকিট প্রাপ্তি সাপেক্ষেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।
শাকিব খানের মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত অবশ্য নতুন কিছু নয়। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী। ফলে অভিবাসন আইনের বাধ্যবাধকতা মেনে নির্দিষ্ট সময় পরপর তাকে সেখানে যেতে হয়। তবে নিয়মিত এই সফরের পাশাপাশি এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তার সফরে ভিন্ন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটিতে এবারই প্রথম বিশ্বকাপ ফাইনালের মধ্যাহ্নবিরতিতে জমকালো সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যেখানে পারফর্ম করার কথা রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের (BTS)।
তবে বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখার এই সুপ্ত ইচ্ছা ছাড়াও বর্তমান সফরে শাকিব খানের অন্য কোনো কাজের এজেন্ডা রয়েছে কিনা কিংবা তিনি কবে নাগাদ বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











