দ্বিতীয় বিয়ে করলেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলে মা হওয়ার খবর
ব্যক্তিগত জীবনে বড় ধরনের চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বিচ্ছেদের মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি আবার নতুন করে সংসার সাজিয়েছেন। একই সঙ্গে জীবনের নতুন আরেকটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন— মা হতে চলেছেন তিনি। গোপনে বিয়ে করার পর এবার বরের সঙ্গে প্রকাশ্যে নিজের বেবিবাম্পের খবর জানালেন এই অভিনেত্রী।
চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার খবর প্রকাশ করেছিলেন মৌসুমী হামিদ। সে সময় তিনি জানিয়েছিলেন, বছরের শুরুতেই আইনিভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনের এই বড় সুখবরটি সামনে আনলেন তিনি।
সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'চরকি'-এর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তাঁর বেবিবাম্প। এই আয়োজনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নববিবাহিত স্বামী আবদুল ওয়াদুদ সজীব।
অনুষ্ঠানে মৌসুমী হামিদ জানান, জীবনের এই দুটি বড় খবর এতদিন গোপন রাখা ছিল তাঁদের একটি পরিকল্পিত সিদ্ধান্ত। মূলত বিয়ে এবং মাতৃত্বের খবর একসঙ্গে প্রকাশ করে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। জীবনের এই নতুন এবং সুন্দর সময়ে তিনি তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
নতুন জীবনসঙ্গীর ব্যাপারে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তাঁর পরিচয় ও সখ্য দীর্ঘদিনের। প্রায় ১৪ বছরের পুরোনো এই বন্ধুত্বই একসময় দাম্পত্য সম্পর্কে রূপ নেয়। মৌসুমী বলেন, "আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের চিন্তাভাবনা ও অনেক বিষয়ে বেশ মিল রয়েছে। মূলত সেই কারণেই আমরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।"
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিনোদনপাড়ায় মৌসুমী হামিদের মা হতে যাওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বরের সঙ্গে সামনে এসে নতুন জীবন ও মাতৃত্বের খবরটি নিশ্চিত করলেন এই তারকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











