ঈথা’ ছবির জন্য কত নিলেন শ্রদ্ধা? বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার দাবি নিয়ে বিতর্ক
বলিউড পাড়ায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কে, তা নিয়ে আলোচনার শেষ নেই। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফ—বিভিন্ন সময়ে নানা জনের নাম উঠে এসেছে এই তালিকার শীর্ষে। তবে সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর দাবি করেছেন, তার মেয়ে শ্রদ্ধা কাপুরই বর্তমানে বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী। তার আশেপাশে আর কেউ নেই। শক্তি কাপুরের এমন মন্তব্যের পর থেকেই বিনোদন জগতে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।
খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন চলচ্চিত্র ‘ঈথা’। এই ছবিতে তাকে লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের চরিত্রে দেখা যাবে। লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান পেলেও বিঠাবাঈয়ের শেষ জীবন কেটেছিল চরম অর্থকষ্টে। এই চ্যালেঞ্জিং চরিত্রের শুটিং করতে গিয়ে বেশ কয়েকবার চোটও পেয়েছেন শ্রদ্ধা। তবে সিনেমাটির নামকরণ নিয়ে বিঠাবাঈয়ের ছেলে ও নাতি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, যিনি সারা জীবন ‘লাবণী’ নৃত্যশৈলীকে প্রতিষ্ঠিত করতে লড়েছেন, সিনেমাটি তার আসল নামেই হওয়া উচিত ছিল।
বিতর্ক ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে শ্রদ্ধার পারিশ্রমিক। শোনা যাচ্ছে, ‘ঈথা’ ছবির জন্য শ্রদ্ধা ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সিনেমা সংশ্লিষ্টদের একাংশের মতে, এই ছবির জন্য তাকে ১৫ কোটি টাকা দেওয়া একপ্রকার বাজি ধরার মতোই। তবে ‘স্ত্রী ২’ চলচ্চিত্রের বিপুল সাফল্যের পর শ্রদ্ধা নিজের পারিশ্রমিক বাড়িয়ে ২০ কোটি টাকা করেছেন বলে গুঞ্জন রয়েছে। প্রযোজক দীনেশ বিজয়নের পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছে তার নাম।
এদিকে শক্তি কাপুরের করা দাবির সঙ্গে দ্বিমত পোষণ করছেন ইন্ডাস্ট্রির অনেকেই। সাম্প্রতিক তথ্যানুযায়ী, ‘আলফা’ ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। এর আগে ২০ কোটি টাকা নিয়ে শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন, যিনি বর্তমানে মাতৃত্বকালীন বিরতিতে আছেন। এছাড়া সদ্য মা হওয়া ক্যাটরিনা কাইফ ছবি প্রতি প্রায় ১৫ কোটি টাকা নেন। তবে সিনে-বিশেষজ্ঞদের ধারণা, ‘ঈথা’ বক্স অফিসে সফল হলে সর্বোচ্চ পারিশ্রমিকের দৌড়ে শ্রদ্ধা কাপুর অনেকটাই এগিয়ে যাবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










