শিল্পের ভাষায় নজরুলের জীবন ও দর্শন: শিল্পকলায় শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৭-এ ‘স্মরণে, সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই প্রদর্শনীটি চলছে। ২২ থেকে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে নজরুলপ্রেমী ও সংস্কৃতিমোদীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র’-এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোপ্র. শাহীন রেজা রাসেল এবং সহকারী কিউরেটর হিসেবে আছেন মো. এরশাদ হাসান। তাদের নান্দনিক পরিকল্পনা ও সৃজনশীল উপস্থাপনায় প্রদর্শনীর প্রতিটি আলোকচিত্র পেয়েছে এক ভিন্ন মাত্রা।
প্রদর্শনীটিতে নজরুলের জীবন, কর্ম, সময়, সংগ্রাম, সাহিত্য, সংগীত এবং বহুমুখী সৃষ্টিশীলতার নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি ছবির বিন্যাস ও বিষয় নির্বাচনে নজরুলের দর্শনের সঙ্গে দর্শকের একটি গভীর সংযোগ তৈরির প্রয়াস রয়েছে।
অনুষ্ঠানের আয়োজক ‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রহিম সুমন জানান, কিউরেটর ও সহকারী কিউরেটরদের আন্তরিক পরিশ্রমের ফলেই এই আয়োজন এত সুন্দর ও দর্শনীয় হয়ে উঠেছে।
২২ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গবেষক ও সাহিত্যিক ড. মো. আরিফুর রহমান, কবি আলফ্রেড খোকন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাছিম মিয়া। প্রধান বক্তা ছিলেন কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আয়োজকদের প্রত্যাশা, বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দর্শনের এই নান্দনিক উপস্থাপন বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











