ইরানে মার্কিন অবরোধের হুমকি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

১৪ আগস্ট ২০২৬ - ০৮:৩৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানে মার্কিন অবরোধের হুমকি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজ। ছবি: রয়টার্স

ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই নতুন অবস্থানের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আজ শুক্রবার (১৪ আগস্ট) এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৭.১৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে দাঁড়ায় ৮১.২৯ ডলারে। বিশ্বব্যাপী তেলের চাহিদা কমার পূর্বাভাসে আগের কার্যদিবসে দুই বেঞ্চমার্কেরই দাম ২ শতাংশের বেশি কমলেও, সার্বিকভাবে চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধির পথেই রয়েছে।

​হরমুজ প্রণালী ও সামগ্রিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে অস্ত্রবিরতি সংক্রান্ত আলোচনা থমকে যাওয়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। নিউজম্যাক্স-এর ‘রব স্মিট টুনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, একটি দেশকে অর্থনৈতিকভাবে কীভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যায়, তার নজিরবিহীন কিছু পদক্ষেপ আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। এদিকে, বিশ্ব জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ বজায় রেখেছে ইরান। দেশটির আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর নবনিযুক্ত প্রধান হোসেইন তায়েব ফার্স নিউজকে জানিয়েছেন, এই প্রণালী সম্পূর্ণভাবে ইসলামিক রিপাবলিকের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তেলের সরবরাহে টান পড়ার আশঙ্কার বিপরীতে ওপেকের (OPEC) চাহিদা কমার পূর্বাভাস এবং যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল মজুতের খবর বাজারের বড় ধরনের উত্থান আটকে দিচ্ছে বলে মনে করেন কেসিএম (KCM)-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার।

​ভূরাজনৈতিক এই উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম (WAM) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইউএই সরকার এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাস এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার বিপরীতমুখী চাপের কারণে বর্তমানে জ্বালানি তেলের বাজার এক অনিশ্চিত ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0