বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো: সাত সপ্তাহের সর্বোচ্চ চূড়া থেকে পতন

১০ আগস্ট ২০২৬ - ১২:৪১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো: সাত সপ্তাহের সর্বোচ্চ চূড়া থেকে পতন

মুনাফা তুলে নেওয়ার (প্রফিট ট্র্যাকিং) প্রবণতা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদহার নীতি সংক্রান্ত সিদ্ধান্তের দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে গত শুক্রবার মূল্যবান এই ধাতুটি সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ছুঁয়েছিল।

​আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টায় আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২২.২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮১.৬০ ডলারে কেনাবেচা হতে দেখা যায়।

​এর আগে শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই মাসে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে এবং পূর্ববর্তী দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় পরিসরে সংশোধন করে কমানো হয়েছে। এই দুর্বল কর্মসংস্থান তথ্যের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

​কর্মসংস্থান কমার এই প্রভাবে আগামী ১৫-১৬ সেপ্টেম্বরের ফেড নীতিমালায় সুদহার বাড়ানোর সম্ভাবনা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সাধারণত সুদহার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ ও চাহিদা বৃদ্ধি পায়।

​কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, গত সপ্তাহের বড় উত্থানের পর বাজারের স্বাভাবিক প্রক্রিয়ায় কিছুটা মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, যা বড় ধরনের মন্দার ইঙ্গিত নয়। তার মতে, স্বল্পমেয়াদে স্বর্ণ ৪ হাজার ৩০০ ডলারের ওপর অবস্থান ধরে রাখতে পারে।

​চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে ফেড কর্তৃক সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বাড়বে, যা স্বর্ণের দাম পুনরুত্থানে সহায়ক হতে পারে।

​অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালির নতুন নৌপথ নির্ধারণ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এই কৌশলগত জলপথ উন্মুক্ত করতে তেহরান যুক্তরাষ্ট্রের ওপর কিছু শর্ত আরোপ করেছে।

​উল্লেখ্য, একই দিনে স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.৪৫ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৫০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ কমে ১ হাজার ৩৬২.৯৭ ডলারে লেনদেন হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0