২০৩০ বিশ্বকাপ থেকে দল সংখ্যা ৬৪ করার ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি ইনফ্যান্তিনো
ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ২০৩০ সালের বিশ্বকাপ আসর থেকেই অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার একটি প্রস্তাব বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের গণমাধ্যম 'ব্লুউইন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান এই সম্ভাবনার কথা তুলে ধরেন।
চলমান ২০২৬ বিশ্বকাপে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই আসরটি চলছে। নতুন এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয়, তবে বিশ্বমঞ্চে আরও ১৬টি দল যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর ফলে ফিফার মোট ২১০টি সদস্য দেশের মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি দেশ মূল পর্বে খেলার গৌরব অর্জন করতে পারবে।
জিয়ান্নি ইনফ্যান্তিনো উল্লেখ করেন, চলমান ২০২৬ বিশ্বকাপ সম্পন্ন হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো এই প্রস্তাবটি নিয়ে বিশদ আলোচনা ও পর্যালোচনা করবে। ৪৮ দলের বর্তমান আসরটিকে 'শতভাগ সফল' হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়লে ছোট ফুটবল শক্তিগুলো বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে এবং ফুটবলে বিনিয়োগে উৎসাহিত হবে। বিশ্বকাপকে কেবল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
এই ৬৪ দলের বিশ্বকাপের ধারণাটি প্রথম সামনে আনেন উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো, যিনি ২০২৫ সালের মার্চে ফিফা কাউন্সিলের সভায় এটি প্রস্তাব করেছিলেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেসও এই ধারণাকে সমর্থন করে বলেছেন, বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের আসরে ৬৪ দলের অংশগ্রহণ হবে একটি 'স্বপ্নের মতো' বিষয়।
উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপটি তিনটি মহাদেশের ছয়টি দেশে যৌথভাবে আয়োজনের কথা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী পর্বের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। আর টুর্নামেন্টের মূল ও অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে যদি ৬৪ দলের ফরম্যাট চূড়ান্ত হয়, তবে দক্ষিণ আমেরিকার দেশগুলো শুধু প্রতীকী ম্যাচ নয়, বরং পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবি তুলতে পারে।
অবশ্য এই প্রস্তাবের বিপরীতে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতি আলেকসান্দার চেফেরিন এটিকে একটি 'খারাপ ধারণা' বলে অভিহিত করেছেন। তার মতে, দলের সংখ্যা অতিরিক্ত বাড়লে বিশ্বকাপের মান নষ্ট হবে এবং বাছাইপর্বের গুরুত্ব কমে যাবে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানিও।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











