হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টারে নরওয়ে

০৬ জুলাই ২০২৬ - ০৮:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টারে নরওয়ে
ব্রাজিলকে বিদায় করে দিল হল্যান্ড। ছবি সংগৃহিত

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে তৈরি হলো নতুন ইতিহাস। আরলিং হালান্ডের অনবদ্য নৈপুণ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখলো নরওয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে নরওয়েজিয়ানরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নরওয়ের পক্ষে জোড়া গোল করেন আরলিং হালান্ড, অন্যদিকে শেষ মুহূর্তে ব্রাজিলের হয়ে একমাত্র ব্যবধান কমানো গোলটি আসে নেইমারের পেনাল্টি থেকে।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়াই জমে ওঠে। প্রথমার্ধের তৃতীয় মিনিটে আলেকজান্ডার সোরলথের পাস থেকে প্যাট্রিক বের্গে ব্রাজিলের জালে বল পাঠালেও আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়। দশম মিনিটে ব্রাজিলের মাতেউস কুনহাকে ক্রিস্টোফার আইয়ার ফাউল করলে ভিএআর প্রযুক্তির মাধ্যমে পেনাল্টি পায় সেলেসাওরা। তবে ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এই পেনাল্টি মিসের মাধ্যমে বিশ্বমঞ্চে ব্রাজিলের চার দশকের একটি অনন্য রেকর্ড ভেঙে যায়; ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর মূল সময়ে এটিই ব্রাজিলের প্রথম পেনাল্টি মিস।

​১৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে মাতেউস কুনহা সুযোগ পেলেও নরওয়ের রক্ষণভাগ তা প্রতিহত করে। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় এনদ্রিক এবং ৬২ মিনিটে রায়ানের দুর্দান্ত ভলি নসাৎ করে দেন নরওয়ে গোলকিপার নিল্যান্ড। ম্যাচের গতি বদলাতে ব্রাজিল শিবিরে নেইমার ও দানিলো সান্তোসকে মাঠে নামানো হয়।

​তবে ৭৯ মিনিটে ডেডলক ভাঙেন আরলিং হালান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই তারকা স্ট্রাইকার। গোল হজম করে ব্রাজিল আক্রমণের ধার বাড়ালেও ৯০ মিনিটে আবারও আঘাত হানেন হালান্ড। শেলদেরুপের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে নরওয়ের ব্যবধান ২-০ করেন তিনি। অতিরিক্ত সময়ের দশম মিনিটে নরওয়ের লিও ওস্টিগার্ড বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমার স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করলেও তা ব্রাজিলের বিদায় আটকাতে পারেনি। ঐতিহাসিক এই জয়ের পর মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লড়বে নরওয়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0