এশিয়ান গেমসের সমাপনীতে অনুপস্থিত হকি দল, ব্যস্ত কেনাকাটায়!
জাপানের নাগোয়ায় অবস্থিত পালোমা মিজুহো স্টেডিয়ামে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে যবনিকাপাত ঘটেছে ২০তম এশিয়ান গেমসের। তবে মহাদেশীয় এই বৃহৎ ক্রীড়া আসরের সমাপনী প্যারেডে দেখা মেলেনি বাংলাদেশ পুরুষ হকি দলের কোনো খেলোয়াড়কে। বাংলাদেশের নির্ধারিত ৪৫ জন অ্যাথলেটের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তের এই আয়োজনে যোগ না দিয়ে শহর ঘুরে কেনাকাটা করতেই ব্যস্ত সময় পার করেছেন হকি দলের খেলোয়াড়েরা।
অনুরোধেও সাড়া দেয়নি দল
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি এবং এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ সমাপনী অনুষ্ঠানে হকি দল থেকে অন্তত আটজন খেলোয়াড়কে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই আহ্বানে হকি দলের কারও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
দূরত্ব ও শপিংয়ের অযুহাত
সমাপনীতে উপস্থিত না হওয়ার পেছনে দূরত্বের কারণ উল্লেখ করেছেন হকি দলের ম্যানেজার ও বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। তিনি জানান, গিফুতে তাঁদের আবাসন থেকে নাগোয়ার অনুষ্ঠানস্থলের দূরত্ব প্রায় তিন ঘণ্টার। আরিফুল হক প্রিন্স গণমাধ্যমকে বলেন, "বললেই তো এত সহজ নয়। আমরা গিফুতে অবস্থান করছি, আর অনুষ্ঠান হচ্ছে নাগোয়ায়। আমাদের জায়গা থেকে সেখানে যেতে তিন ঘণ্টার পথ।"
শনিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের সফর সম্পন্ন করে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যানেজার। তিনি আরও যোগ করেন, "আমাদের অভিযান গতকাল শেষ হয়েছে। ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। তাই এখানে আমাদের শেষ দিন হওয়ায় শহর ঘুরে বেড়ানো এবং কিছু কেনাকাটা করার পরিকল্পনা করেছিলাম।" বিওএ থেকে তাঁদের শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
পতাকাবাহক লিটন দাসসহ উপস্থিত অন্য অ্যাথলেটরা
হকি দল অনুপস্থিত থাকলেও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্বে ঘাটতি ছিল না। জাতীয় পতাকাবাহক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার লিটন দাস। এ ছাড়া আর্চারি দলের অ্যাথলেট এবং ক্রিকেটার সাইফ হাসানসহ অন্যান্য ডিসিপ্লিনের প্রতিনিধিরা মার্চ পাস্টে অংশ নেন। গত ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রতিযোগিতার পর্দা নামলো রবিবারের সমাপনী আয়োজনের মধ্য দিয়ে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











