ইউএসএসএকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

০৭ আগস্ট ২০২৬ - ২৩:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউএসএসএকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল
বাংলাদেশ ইমার্জিং দল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চলমান ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় জুনিয়র টাইগাররা। টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শিরোপানির্ধারণী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে।

​ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইউএসএসএ। উদ্বোধনী ব্যাটার জেসন মুইরহেড মাত্র ১ রান করে বিদায় নিলেও অপর ওপেনার লুডউইচ স্কুল্ড এবং তিন নম্বরে নামা ডেভিড টীগার দলকে ভালো ভিত্তি এনে দেন। দুজনই অর্ধশতক হাঁকান। স্কুল্ড ৫৭ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। অন্যদিকে টীগার আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে ৫৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

​তবে টীগারের আউটের পরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইউএসএসএ। এক পর্যায়ে ১ উইকেটে ১২৬ রান তোলা দলটি মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে যায়। শেষ ৯টি উইকেট তারা হারায় মাত্র ৪০ রানের ব্যবধানে।

​বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ও রহনতদৌলা বর্ষণ ২টি করে এবং ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল ১টি করে উইকেট লাভ করেন।

​১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূচনাতেই হোঁচট খায় বাংলাদেশ। দুই ওপেনার মাহফিজুল রবিন (৮) ও হাবিবুর রহমান সোহান (০) দ্রত বিদায় নেন। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শাহাদাত হোসেন দিপু এবং ইফতিখার হোসেন ইফতি। ইফতি ২২ বলে ১৭ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন ইরফান শুক্কুর।

​চতুর্থ উইকেটে দিপু ও শুক্কুরের মারমুখী ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দুজনই অর্ধশতক পূরণ করেন। শুক্কুর ৩৯ বলে ৫৮ রানে এবং দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইউএসএসএর হয়ে ২টি উইকেট পান ইসোসা আইহেভবা।

​প্রতিযোগিতায় চার ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউএসএসএ। অন্যদিকে ৬ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকা ও ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালে লড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0