সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

০৭ আগস্ট ২০২৬ - ২০:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সাকিব আল হাসান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্প্রতি দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাকিবের ক্ষেত্রে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই এবং তার পক্ষে দেশে ফেরা এখন কঠিন।

​এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, নিরাপত্তা জোরদার করা হলে তিনি দেশে ফিরতে আগ্রহী এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত। তিনি কোনো অন্যায় করেননি দাবি করে দেশে নিজের বিদায়ী টেস্ট খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।

​সাকিবের এই ইচ্ছার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সাকিব একজন পেশাদার ক্রিকেটার থেকে সরে এসে সরাসরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। ফলে তাকে নিয়ে আগের মতো নমনীয় ভাব দেখানোর কোনো অবকাশ নেই। যদি তিনি দেশে ফেরেন, তবে তাকে পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বৈরশাসকের সহযোগীদের ক্ষেত্রে সরকারের পূর্বের সহনশীল অবস্থান বজায় রাখা সম্ভব নয়।

​সাক্ষাৎকারে সাকিব আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করা হলেও সংশ্লিষ্ট কোনো দফতর থেকে সাড়া পাওয়া যায়নি। এমনকি তিনি দেশের সার্বিক বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা এখন রাজনৈতিক ও আইনি জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0