ফিফা সভাপতির পাশে আর্জেন্টিনা: ইনফান্তিনোর নেতৃত্ব ও পরিবর্তনের প্রশংসা এএফএ-র
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপীয় ফুটবল ইউনিয়নের (উয়েফা) দ্বন্দ্বে নতুন মোড় নিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) অবস্থান নিলেও, তার পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শুক্রবার ভোরে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ইনফান্তিনো এবং তাঁর প্রশাসনের বিগত এক দশকের কর্মকাণ্ডের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপের একাংশ বিক্রির একটি বিতর্কিত উদ্যোগকে কেন্দ্র করে সম্প্রতি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো সোচ্চার হয়। প্রবল সমালোচনার মুখে ফিফা সেই সিদ্ধান্ত বাতিল করে এবং ইনফান্তিনো নিজে ফিফার ২১১টি সদস্য দেশের কাছে দুঃখপ্রকাশ করেন। ফিফার এই ইতিবাচক পদক্ষেপ ও ভুল স্বীকারের মানসিকতাকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস-এর তথ্যমতে, এএফএ তাদের বার্তায় উল্লেখ করেছে, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফায় ব্যাপক সংস্কার ও পরিবর্তন এসেছে। এই প্রশাসন সংস্থাটিকে আরও উন্মুক্ত ও গঠনমূলক আলোচনার উপযোগী করে তুলেছে, যা বিশ্ব ফুটবলের সামগ্রিক উন্নয়নে সহায়তা করছে।
আসন্ন ফিফা কংগ্রেসকে সামনে রেখে এএফএ জানায়, ফুটবলের বিশ্বায়নে ও একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টিতে ইনফান্তিনোর নেতৃত্বেই কাজ চালিয়ে যাওয়া উচিত।
এর আগে ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) পর এবার আর্জেন্টিনার মতো প্রভাবশালী ফুটবল শক্তি ইনফান্তিনোকে সমর্থন জানানোয় সংকটে নতুন মাত্রা যোগ হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











