লঙ্কান প্রিমিয়ার লিগ: ৪৭০ রানের রোমাঞ্চকর ম্যাচে জয়ী হয়ে ফাইনালে হৃদয়-সাকিবের জাফনা
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গ্যালারিতে বসে দর্শকরা উপভোগ করলেন এক রানবন্যার লড়াই। দুই দলের তুমুল সংগ্রাহক ইনিংসে বোর্ডে ওঠে মোট ৪৭০ রান। শেষ পর্যন্ত গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের দল জাফনা কিংস।
বুধবার কলম্বোয় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জাফনা। দলের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের উঠতি তারকা তাওহীদ হৃদয়। মাত্র ২০ বলে ফিফটি হাঁকিয়ে চলতি এলপিএল আসরের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি, যাতে ছিল ৩টি চার ও ৫টি ছক্কার মার।
হৃদয় ছাড়াও ওপেনার খাজা নাফে ৩২ বলে ৫৪ রান এবং কামিল মিশরা ৫৫ বলে ১০৮ রানের দুর্দান্ত অপরাজিত শতক উপহার দেন। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি।
২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই চালায় গল গ্যালান্টস। দলের একাধিক ব্যাটার ঝোড়ো ইনিংস খেললেও কেউই ফিফটির দেখা পাননি। স্যাম হারপার ২১ বলে ৪৪, চারিথ আসালাঙ্কা ১৩ বলে ২৭, চামিকা করুনারত্নে ২১ বলে ৩৯ এবং অধিনায়ক দাসুন শানাকা ১৯ বলে ৩৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানে থামে তাদের ইনিংস।
বল হাতে জাফনার হয়ে সাকিব আল হাসান ৩ ওভার বোলিং করে ৩৬ রানের বিনিময়ে তুলে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











