এলপিএলে সাকিব-হৃদয়দের জাফনা কিংসের নতুন কর্ণধার ভারতের জাহির খান
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের মালিকানায় বড় পরিবর্তন এসেছে। ভারতের সাবেক তারকা পেসার জাহির খান ও ব্যবসায়ী নাগেন্দ্রা সিদ্দৌতাম যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করেছেন। এই নতুন মালিকানার ফলে দলটি এখন ‘অ্যাঙ্কর জাফনা কিংস’ নামে নতুন ব্র্যান্ডিং পাচ্ছে।
স্টকহোমভিত্তিক ক্রীড়া মালিকানা প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি-এর অধীনে জাফনা কিংস পরিচালিত হবে। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজিটিতে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটার তাওহিদ হৃদয়।
পূর্বে দলটির সহ-সত্ত্বাধিকারী মনজোৎ কালরা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আয়োজক সংস্থা আইপিজি ২৩ জুলাই থেকে দলটির পরিচালন নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সব জটিলতা কাটিয়ে এখন নতুন মালিকানার মাধ্যমে দলটিতে স্থিতিশীলতা ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী পেসার জাহির খান এই চুক্তিতে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে, এলপিএল টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়েলা জানান, জাহির খানের মতো কিংবদন্তির আগমন তরুণ শ্রীলঙ্কান ক্রিকেটারদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।
মাঠের বাইরের নানামুখী ঝামেলার সত্ত্বেও মাঠের পারফরম্যান্সে জাফনা কিংস এলপিএলের সবচেয়ে সফল দল। টুর্নামেন্টের আগের পাঁচ আসরের চারটিতেই শিরোপা জেতা দলটি চলতি মৌসুমেও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











