ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রাম ও সিলেটসহ ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু এলাকার নদীর পানি বিপৎসীমা পেরিয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এক বিশেষ বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
বিশেষ পূর্বাভাস অনুযায়ী, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং এর পার্শ্ববর্তী ভারতের আসাম, মেঘালয়, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে এই বৃষ্টিপাতের মোট পরিমাণ ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া একটি মৌসুমি নিম্নচাপের কারণে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে।
উপকূল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি
আগামী ৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, গোমতী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে। এতে চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের কিছু জায়গায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুরের নদী তীরবর্তী নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের আপডেট
সংস্থাটি জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু নদীর পানি সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নিচু এলাকায় সাময়িক প্লাবন ও জলাবদ্ধতা তৈরি হতে পারে।
অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আপাতত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন এসব নদীর পানি কমলেও ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে তা আবার বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











