পোশাকশ্রমিকদের আন্দোলন: নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার

০৩ নভেম্বর ২০২৬ - ১৩:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের আন্দোলন: নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার
ছবি সংগৃহীত

মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে পুরো জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

​এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পাশাপাশি কেউ যাতে আন্দোলনকে কেন্দ্র করে কারখানা, যানবাহন বা রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন।

​সাংসদ আবুল কালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও গুপ্তচক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবির সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তারা আসল শ্রমিক নয়।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

​এছাড়া জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0