ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলা: প্রাণ হারালেন পিএমএফের ২০ সদস্য
মধ্যপ্রাচ্যের বিরাজমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এবার ইরাকে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ হামলায় ইরান সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছেন।
সম্প্রতি মার্কিন বাহিনী ও সৌদির একাধিক তেল স্থাপনায় সংঘটিত হামলার জবাবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্ত আধাসামরিক গোষ্ঠীটির পক্ষ থেকেও এই যৌথ আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পিএমএফ সূত্রে জানানো হয়, যৌথ বাহিনী রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলীয় নিনেভ এবং দক্ষিণাঞ্চলীয় বসরাসহ দেশের প্রায় সাতটি প্রদেশের সামরিক ঘাঁটিতে লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ২০ জন যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরও ৩২ জন আহত হয়েছেন। নিনেভ ও মধ্য ইরাকের দিয়ালা প্রদেশে সংঘটিত আঘাতগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পিএমএফ গঠিত হলেও পরবর্তীতে এটি আনুষ্ঠানিকভাবে দেশটির সামরিক বাহিনীর কাঠামোভুক্ত হয়। বর্তমানে এই জোটের বেশ কিছু ইরান সমর্থিত ব্রিগেড স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। গত সোমবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরাক থেকে পরিচালিত কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল, যা সৌদির তেল সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সাথেই অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক থাকলেও বাগদাদ দীর্ঘদিন ধরেই তাদের প্রক্সি যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে দুই দেশের মধ্যে নিরপেক্ষ ভারসাম্য রক্ষা করতে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে ইরাক সরকার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











