মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আগ্রাসন পরিচালনা করলে তা আগের তুলনায় আরও কঠোর ও বিস্তৃত উপায়ে প্রতিহত করা হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোনো যুদ্ধ শুরু হলে সেই সংঘাত শুধু পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না, বরং তা আরও বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা শত্রুপক্ষ কোনো ধরনের সামরিক অভিযান চালালে তাদেরকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও ব্যাপক হামলার মুখোমুখি হতে হবে। নতুন করে যুদ্ধ বেধে গেলে সংঘাতের ভৌগোলিক পরিধি শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষের সব ধরনের সামরিক স্থাপনা ও সম্পদ ধ্বংস করতে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সম্ভাব্য টার্গেটের তালিকা ইতোমধ্যে হালনাগাদ করেছে।
মোহাম্মদ আকরামিনিয়ার ভাষায়, নতুন করে কোনো সংঘাতের সূত্রপাত হলে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, সরঞ্জাম, সৈন্য এবং স্বার্থসংশ্লিষ্ট নানা স্থাপনা ইরানের হামলার নিশানা হতে পারে। এসব লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন, সেগুলোতে পাল্টা আঘাত হানার পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে।
এদিকে, ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে স্থলভাগে নতুন করে একটি যুদ্ধফ্রন্ট খোলার চেষ্টা করা হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেছেন এই সামরিক মুখপাত্র।
তার অভিযোগ, ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে তৎপর সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও রসদ দিয়ে সহায়তা দিচ্ছিল শত্রুরা। ওই গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরানের ভূখণ্ডে স্থল আগ্রাসন চালানোর পরিকল্পনা ছিল। তবে সময়মতো ইরানি সামরিক বাহিনী মোতায়েন এবং কুর্দি গোষ্ঠীগুলোর অবস্থানে আগাম আক্রমণ চালিয়ে সেই ষড়যন্ত্র সফলভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











