বর্ষাকালে ফ্রিজে খাবার সংরক্ষণে অসতর্কতা: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বর্ষার দিনগুলোতে বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত বাজারে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। ফলে একসঙ্গে বেশি পরিমাণে বাজার করে ফ্রিজে জমিয়ে রাখা কিংবা কয়েক দিনের খাবার একবারে রান্না করে তা ফ্রিজে সংরক্ষণ করার প্রবণতা বাড়ে। তবে এই সময়ে খাবার সংরক্ষণে অসতর্ক হলে ফ্রিজ থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি খাদ্য উপাদান নষ্ট হওয়ার বড় ধরনের ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের অভিমত, বর্ষাকালের অতিরিক্ত আর্দ্র আবহাওয়ার কারণে ফ্রিজের অভ্যন্তরে ব্যাকটেরিয়া ও ছত্রাকের (ফাঙ্গাস) বংশবিস্তার সহজ হয়। এর ফলে খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনই ফুড পয়জনিং ও ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের পেটের পীড়া দেখা দিতে পারে। তাই বর্ষা মৌসুমে ফ্রিজে খাবার সতেজ ও নিরাপদ রাখতে কিছু জরুরি নিয়ম মেনে চলা আবশ্যক।
ভিজে থাকা ফল ও সবজি না রাখা:
বাজার থেকে আনার পর ফলমূল কিংবা শাকসবজি ধুয়ে ভেজা অবস্থায় সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এগুলোতে দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। তাই ফ্রিজে তোলার আগে পানি ভালোভাবে ঝরিয়ে অথবা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেওয়া প্রয়োজন।
রান্না করা খাবার দীর্ঘদিন না রাখা:
একটানা কয়েক দিনের রান্না করা খাবার ফ্রিজে জমিয়ে রাখলে তাতে ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে, যা খাবারে দুর্গন্ধ তৈরি করে। স্বাস্থ্য সুরক্ষায় ফ্রিজের ভেতরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা জরুরি। পাশাপাশি রান্না করা খাবার ২ থেকে ৩ দিনের মধ্যেই খেয়ে ফেলা উত্তম।
পানি নিষ্কাশনের পথ সচল রাখা:
ফ্রিজের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা ও পানি বের হয়ে যাওয়ার জন্য একটি ড্রেন হোল বা নিষ্কাশন ছিদ্র থাকে। কোনো কারণে এই পথটি বন্ধ হয়ে গেলে ফ্রিজের ভেতরে পানি জমতে শুরু করে। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাই নিয়মিত এই ড্রেন লাইনটি পরিষ্কার রাখা উচিত।
দরজার রাবার সিল পরিষ্কার রাখা:
ফ্রিজের দরজায় থাকা রাবার সিলে দীর্ঘ সময় ধরে ধুলাবালি, খাবারের কণা ও আর্দ্রতা জমে থাকলে সেখানে ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। এতে ফ্রিজে দুর্গন্ধ হওয়ার পাশাপাশি খাবারও জীবাণু দ্বারা দূষিত হতে পারে। তাই নিয়মিত নরম কাপড় দিয়ে রাবার সিলটি মুছে শুকনো রাখা দরকার।
গাদাগাদি করে খাবার না রাখা:
ক্ষমতার চেয়ে অতিরিক্ত খাবার ফ্রিজে ঠেসে রাখলে ভেতরের ঠান্ডা বাতাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে সঠিক তাপমাত্রার অভাবে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। ফ্রিজের ভেতরের শীতল বাতাস যেন সব জায়গায় সমানভাবে পৌঁছাতে পারে, সেভাবে খাবার সাজিয়ে রাখা উচিত।
সর্বোপরি, বর্ষা মৌসুমে কেবল ফ্রিজে খাবার রাখলেই হবে না, বরং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়মিত পরিচ্ছন্নতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার গ্রহণ করার অভ্যাসই পারে খাদ্যবাহিত রোগবালাই থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











