৩০ রেল ইঞ্জিন কেনাসহ ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

০৭ অক্টোবর ২০২৬ - ১৮:৩২
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৩০ রেল ইঞ্জিন কেনাসহ ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন
ছবি সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা উন্নয়ন ও পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।

​বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

​অনুমোদিত ব্যয়ের অর্থায়ন প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়, মোট বরাদ্দের মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২৪ কোটি টাকা ব্যয় করা হবে।

​২০৭০ কোটি টাকায় কেনা হবে ৩০টি রেল ইঞ্জিন

​রেলওয়ের মিটারগেজ সেকশনে দ্রুত বর্ধনশীল পণ্য পরিবহন ও আন্তঃনগর ট্রেনের যাত্রীদের চাহিদা পূরণে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি লোকোমোটিভের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬৯ কোটি টাকা। ফলে ৩০টি ইঞ্জিন সংগ্রহের জন্য মোট খরচ হবে ২ হাজার ৭০ কোটি টাকা।

​একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ

​একনেক সভায় অনুমোদিত অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।

​রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন।

​গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ।

সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃজন।

​সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধন)

​বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সম্প্রসারণ।

ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবনকে ব্যবহারোপযোগী করতে সংস্কার ও আধুনিকায়ন।

​পঞ্চগড়ের ভজনপুর (নিজবাড়ী)-আটোর খাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ।

​থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধন)।

রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0