দীর্ঘ অপেক্ষার অবসান: ৮ আগস্ট মাদেইরায় বসছে রোনালদো-জর্জিনার বিয়ের আসর!
দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদানের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তারকা এই জুটি সরাসরি কোনো ঘোষণা না দিলেও ব্রিটিশ গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ৮ আগস্ট রোনালদোর জন্মভূমি মাদেইরায় অনুষ্ঠিত হতে পারে তাদের এই বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাদেইরার রাজধানী ফুনশালের ঐতিহাসিক ‘ফুনশাল ক্যাথেড্রাল’-এ তাদের বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হবে। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী স্যাভয় প্যালেস হোটেলে এক জমকালো সংবর্ধনা ও উদযাপনের আয়োজন করা হয়েছে।
পর্তুগালের ওই বিলাসবহুল হোটেলের একটি বিশেষ ঘোষণা এই জল্পনা-কল্পনাকে আরও জোরালো করে তুলেছে। হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের জানিয়েছে, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোরসহ কয়েকটি বার সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হবে। ধারণা করা হচ্ছে, সিআরসেভেনের বিয়ের আয়োজনের জন্যই এই বিশেষ নিরাপত্তা ও গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে।
এর আগেও পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর এসেছিল, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর নিজ জন্মভূমি মাদেইরাতেই জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে রোনালদোর। সেই সময়েও ফুনশাল ক্যাথেড্রাল এবং স্থানীয় এক বিলাসবহুল হোটেলের নাম চর্চায় এসেছিল।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবারের মতো একে অপরের সান্নিধ্যে আসেন রোনালদো ও জর্জিনা। সময়ের সাথে সাথে তাদের এই সম্পর্ক ক্রীড়াবিশ্বের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটিতে পরিণত হয়। ২০২৫ সালের আগস্টে বিশাল আকৃতির একটি ডায়মন্ড রিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন জর্জিনা। পরবর্তীতে এক সাক্ষাৎকারে রোনালদো জানান, বিয়ে করার সিদ্ধান্তে তাদের সন্তানরাও উৎসাহ দিয়েছিল। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে এক ছাদের নিচে সুখে সংসার করছেন এই জনপ্রিয় জুটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











