ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস
খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে কোচিংয়ের নতুন আঙিনায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের সাবেক উদ্বোধনী ব্যাটার ইমরুল কায়েস। সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স শেষ করে নিজের কোচিং ক্যারিয়ারের নতুন এক অধ্যায় সূচনা করলেন তিনি।
আজ রবিবার নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানান ইমরুল। সেখানে তিনি উল্লেখ করেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই উচ্চতর কোর্সটি সমাপ্ত করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংস্থা দুটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন সাবেক এই জাতীয় তারকা।
নতুন অভিজ্ঞতা নিয়ে ইমরুল কায়েস জানান, এই প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞান ও আধুনিক কৌশলগুলো তিনি দেশের উদীয়মান তরুণ ক্রিকেটারদের মানোন্নয়নে প্রয়োগ করতে চান। আগামী প্রজন্মের ক্রিকেটারদের মেধা বিকাশ ও তাদের পারফরম্যান্স বৃদ্ধিতে নিজের সেরাটা উজাড় করে দিতে এই অভিজ্ঞতা তাকে আরও অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর পরিচালনায় সম্পন্ন হওয়া এই কোর্সটিকে নিজের ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন কায়েস। চলতি মাসেই বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে তার। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











