২৯ রানে ৮ উইকেট হারানোর পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন, জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা

০২ আগস্ট ২০২৬ - ১১:৪৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৯ রানে ৮ উইকেট হারানোর পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন, জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা
জিএসএল এ চ্যাম্পিয়ন গায়ানা। ছবি: সংগৃহীত

ছোট্ট পুঁজি নিয়েও অসাধারণ এক রোমাঞ্চকর লড়াই শেষে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা ধরে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে অবিশ্বাস্য এক জয়ের ইতিহাস গড়ল ইমরান তাহিরের দল।

​প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে গায়ানা। জনসন চার্লস, রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মাদ হারিস, শিমরন হেটমায়ার, মোহাম্মাদ নাবি ও রভম্যান পাওয়েলদের মতো তারকাদের কেউ-ই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাত্র ২৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৮টি উইকেট।

​তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই শুরু করেন ডোয়াইন প্রিটোরিয়াস ও দশ নম্বরে নামা ম্যাথু ফোর্ড। ফোর্ড দুটি চার ও দুটি ছক্কায় ২৩ বলে ২৮ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। প্রিটোরিয়াসের সঙ্গে তাঁর ৪১ রানের জুটিতে ভর করে এবং শেষ উইকেটে ইমরান তাহিরের মূল্যবান ১১ রানের সৌজন্যে ৮৫ রান তোলে গায়ানা। প্রিটোরিয়াস ৩০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। স্যান ফ্রান্সিসকোর পক্ষে ৪১ বছর বয়সী পিটার সিডল ও ২১ বছর বয়সী আনিরুধ ইমানুয়েল ৩টি করে উইকেট নেন।

​৮৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্যান ফ্রান্সিসকো। প্রথম বলেই টিম রবিনসনকে ফেরান প্রিটোরিয়াস। তবে অলিভার পিক ও সাঞ্জায় কৃষ্ণামুর্তির দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে এক পর্যায়ে ৩ উইকেটে ৫৩ রান তুলে ফেলে দলটি।

​সেখান থেকেই শুরু হয় গায়ানার বোলারদের অবিশ্বাস্য তোপ। সাঞ্জায়কে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নাবি। এরপর জোড়া আঘাত হানেন ইমরান তাহির। বিপজ্জনক হয়ে ওঠা পিককে (৩১) সাজঘরে ফেরান নাবি। শেষ পর্যন্ত ২৬ রানে ৭ উইকেট হারিয়ে ৭৯ রানে গুটিয়ে যায় স্যান ফ্রান্সিসকো। ৩টি করে উইকেট নেন প্রিটোরিয়াস ও নাবি। তাহির পান ২ উইকেট।

​ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গায়ানার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস এবং টুর্নামেন্ট সেরা হন মোহাম্মাদ নাবি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0