মাঠে ফিরলেন মেসি, তবে জয়ের দেখা পেল না ইন্টার মিয়ামি

০২ আগস্ট ২০২৬ - ১১:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাঠে ফিরলেন মেসি, তবে জয়ের দেখা পেল না ইন্টার মিয়ামি
ছবি সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের দিনে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি। রুদ্ধশ্বাস লড়াই শেষে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।

​রোববার (২ আগস্ট) ফ্লোরিডার এনইউ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দারুণ ফুটবলের প্রদর্শনী দেখা যায়। খেলার ১৬তম মিনিটে লুইস সুয়ারেজ চমৎকার গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে নেন। তবে ৩৪তম মিনিটে দলের মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নোয়াহ অ্যালেন লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

​খেলার ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠে প্রবেশের পরপরই আক্রমণে গতি বাড়ান তিনি। ৫৬তম মিনিটে তার নেওয়া একটি জোরালো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

​ম্যাচের ৮৪তম মিনিটে কলম্বাস ক্রুর ব্রাইন মেন্দেস গোল করে খেলায় আবারও সমতা ফেরান। এর পর শেষ মুহূর্তে গোল করার একাধিক সুযোগ পান মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার নেওয়া একটি হেড গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে আরও একটি সুযোগ মিস হয়, যখন তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

​বিশ্বকাপের পর মেসির সাথে এই ম্যাচেই ইন্টার মিয়ামির জার্সিতে ফেরেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তবে সব চেষ্টা সত্ত্বেও জয়সূচক গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মিয়ামিকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0