২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ৩ দেশের ১২টি ভেন্যু চূড়ান্ত করল আইসিসি
দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক আয়োজন ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ’। ২০২৭ সালের এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তিনটি দেশের মোট ১২টি স্টেডিয়ামকে এই বিশ্বকাপের ভেন্যু হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৩ সালে আফ্রিকা মহাদেশে অষ্টম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, যেখানে সহ-আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে বিশ্বকাপের আয়োজক হিসেবে তুলে ধরা হয়। এ সময় সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার গ্রায়েম স্মিথ, মাখায়ায় এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা উপস্থিত ছিলেন। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও উপস্থিত ছিলেন।
তিন দেশের যেসব স্টেডিয়ামে খেলা হবে
দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যু হলো— ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল) এবং বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।
জিম্বাবুয়ের ৩টি ভেন্যু হলো— হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নবনির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)।
অন্যদিকে নামিবিয়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।
আফ্রিকান ‘উবুন্টু’ দর্শনে বিশ্বকাপ
এবারের বিশ্বকাপের মূল ভাববস্তু বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আফ্রিকান দর্শন ‘উবুন্টু’। এই দর্শনের মূল বার্তা হলো মানবিকতা, পারস্পরিক সহযোগিতা, সংহতি ও একসূত্রে এগিয়ে যাওয়া।
তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। আইসিসি জানিয়েছে, ম্যাচভিত্তিক পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যুর তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











