কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ, উজবেকিস্তানকে উড়িয়ে শিরোপার মঞ্চে লাল-সবুজ
পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ ভলিবল দল। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টের জয়ে কাঙ্ক্ষিত লিড নেয় দল। ছন্দ ধরে রেখে দ্বিতীয় সেটেও ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর তৃতীয় ও শেষ সেটে ২৫-১৯ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা তিন সেটে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।
উল্লেখ্য, এবারের আসরে লিগ পর্বের প্রথম ম্যাচেও এই উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। পরবর্তীতে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে এই জয়টি চলতি টুর্নামেন্টে বাংলাদেশের টানা পঞ্চম জয়।
দিনের অপর সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলায় মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উন্নীত হওয়ায় খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলীয় সংশ্লিষ্ট সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এক বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ফাইনাল ম্যাচেও দল এই জয়ের ধারা অব্যাহত রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











