বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে চোট পেয়ে মাঠের বাইরে মাইকেল নিসার
অস্ট্রেলিয়া দলের মূল স্কোয়াডে স্থান না পেলেও স্ট্যান্ডবাই হিসেবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন মাইকেল নিসার। তবে অনুশীলনের সময় হঠাৎ চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ৩৬ বছর বয়সী এই অজি পেসার।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর পূর্বে রানিং সেশনের সময় তার ডান পায়ের পেশিতে টান লাগে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হতে তাকে অন্তত এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পরবর্তী সময়ে নিসার বোলিং অনুশীলনে ফিরতে পারবেন। এই অভিজ্ঞ পেসারের মূল লক্ষ্য আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরের আগেই নিজেকে পুরোপুরি ফিট করে তোলা।
অস্ট্রেলিয়ার মূল পেসাররা চোট থেকে ফিরে আসায় বাংলাদেশকে কেন্দ্র করে ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি নিসার। তবে জরুরি প্রয়োজনে দলের কাজে লাগতে পারেন ভেবে তাকে দলের সঙ্গেই রাখা হয়েছিল। সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে প্যাট কামিন্স ও জশ হেইজেলউডদের অনুপস্থিতিতে দুর্দান্ত বোলিং করেন তিনি। তিন বছর পর টেস্ট একাদশে ফিরে তিন ম্যাচে ১৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ওই পারফরম্যান্সের ধারাবাহিকতায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সিরিজের পর আগামী ১১ মাসের মধ্যে অস্ট্রেলিয়ার প্রায় ২০ থেকে ২১টি টেস্ট খেলার সূচি রয়েছে। এত দীর্ঘ ও ব্যস্ত সূচিতে মূল পেসারদের পাশাপাশি ব্যাকআপ পেসারদের প্রয়োজনীয়তা অপরিসীম। সে কারণেই কাউন্টি ক্রিকেট না খেলে নিজেকে সতেজ রাখছিলেন নিসার, তবুও শেষ পর্যন্ত ইনজুরির মুখোমুখি হতে হলো তাকে।
এদিকে, অস্ট্রেলিয়ার দলের অনুশীলনে ব্যাটিংয়ের সময় উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস পিঠের ব্যথায় আক্রান্ত হলেও তা গুরুতর নয় বলে জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রথম টেস্টের জন্য তিনি বিবেচনার মধ্যে থাকছেন। আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে।
টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটির জন্য ঘোষিত ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগে বদলি খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া টম রজার্সের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জ্যাক ক্লেটন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











