বুমরাহর চোটে কপাল খুলল আকিব নাবির, জম্মু-কাশ্মীর থেকে প্রথম টেস্ট দলে ডাকার ইতিহাস
ব্যাপক আলোচনা ও সমালোচনার পর অবশেষে ভারতের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৯ বছর বয়সী পেসার আকিব নাবিকে। এর মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। জম্মু-কাশ্মীর থেকে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে নাবিকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট অঙ্গনে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তবে অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ চোটের কারণে ছিটকে পড়ায় অবশেষে নাবির জন্য জাতীয় দলের দরজা খুলে গেল।
এর আগে জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি এবং গতি তারকা উমরান মালিক ১০টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে টেস্ট ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলার সুযোগ পাওয়ার দৌড়ে নাবিই প্রথম।
ঘরোয়া ক্রিকেটে শেষ দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪টি উইকেট শিকার করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন এই পেসার। বিশেষ করে, গত মৌসুমে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক প্রথম রঞ্জি শিরোপা জয়ের পেছনে মূল কারিগর ছিলেন তিনি। উক্ত আসরে ১০টি ম্যাচ খেলে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ঝুলিতে তোলেন।
শুধু লাল বলের ক্রিকেটেই নয়, সাদা বলের ঘরোয়া আসরগুলোতেও নাবির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৫টি এবং একদিনের ম্যাচ ভিজায় হাজারে ট্রফিতে ১৪টি উইকেট পান তিনি। এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই আইপিএল নিলামে তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।
ধারাবাহিক সাফল্য থাকা সত্ত্বেও জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে নানা সমালোচনা হচ্ছিল। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজের জাত চিনিয়েছেন নাবি। নির্বাচকরা মূলত বাড়তি গতির পেসারদের ওপর জোর দিলেও শেষ পর্যন্ত চমৎকার সুইংয়ের জন্য পরিচিত এই বোলারকে দলে ডাকতে বাধ্য হন।
বোলিংয়ে প্রায় নিখুঁত লাইন-লেংথ ধরে রাখা এবং দুই দিকেই বল সুইং করানোর অসাধারণ ক্ষমতা নাবির মূল শক্তি। শুধু নতুন বলেই নয়, পুরোনো বলেও উইকেট নেওয়ার কার্যকারিতা তিনি ঘরোয়া ও ‘এ’ দলের ক্রিকেটে প্রমাণ করেছেন।
শ্রীলঙ্কা সফরে টেস্ট ক্যাপ মাথায় ওঠার সুযোগ পেলে তা জম্মু-কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











