চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আমির খসরু
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত এই লেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার নাগরিকদের সব সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্য রক্ষা ও যাতায়াতে নতুন উদ্যোগ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশে এই প্রথম আলাদা সাইকেল ট্র্যাকের সূচনা হলো। এর ফলে নাগরিকরা নিরাপদে বাইসাইকেল চালিয়ে অফিসে যাতায়াত করার সুযোগ পাবেন। একই সঙ্গে শরীরচর্চা ও মানসিক সুস্থতা বজায় রাখতে এটি বড় ভূমিকা রাখবে।
নগরে পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি নগরের বিভিন্ন খালের পাড় ও অন্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক তৈরির পরামর্শ দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।
জনস্বার্থে সংসদ সদস্যদের প্রতি আহ্বান
অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের তিন সংসদ সদস্য—আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের নাম উল্লেখ করে অর্থমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নিতে আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষকে ঘরের বাইরে এসে শরীরচর্চা করার পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ছাড়াও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











