সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাপ: যন্তর মন্তরে বিক্ষোভের ডাক, ট্রেন বাতিল
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। টানা কয়েক দিনের প্রতিবাদের ধারাবাহিকতায় শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) এবং একাধিক ছাত্র সংগঠন। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে তীব্র যানজট ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিচারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় রেলের নির্দেশনায় জানানো হয়, শুক্রবার দুপুর ২টার পর নিজ নিজ প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রা করে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে যেসব মেল ও এক্সপ্রেস ট্রেনের নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, সেগুলোর চলাচল বাতিল থাকবে।
রেলের কোচিং ডিরেক্টরেট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ ট্রাঙ্ক স্টেশনের আশেপাশের সড়কগুলোতে মারাত্মক সড়কজট তৈরি হতে পারে। মূলত যাত্রীদের চরম ভোগান্তি এড়াতেই এই ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে।
এদিকে পূর্ব রেলের পক্ষ থেকেও দুটি ভিআইপি ট্রেনের যাত্রা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার নির্ধারিত সময়ে ছাড়ার কথা থাকলেও হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করা হয়েছে।
তবে রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে যন্তর মন্তরের বিক্ষোভের সঙ্গে সরাসরি ট্রেন বাতিলের কোনো প্রাতিষ্ঠানিক যোগসূত্রের কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











