আমেরিকা আর আমাদের চায় না’: প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান জোহো প্রধানের

০৯ অক্টোবর ২০২৬ - ১৬:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আমেরিকা আর আমাদের চায় না’: প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান জোহো প্রধানের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে টানা কয়েক দশক ধরে অবদান রাখার পরও সেখানকার একটি বড় অংশ ভারতীয়দের আর গ্রহণ করতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় প্রযুক্তিবিদদের ভিসা জটিলতা ও অনিশ্চয়তা এড়াতে নিজ দেশে ফিরে এসে যৌথভাবে ‘নতুন ভারত’ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শ্রীধর ভেম্বু যুক্তরাষ্ট্রের আইটি খাতে ভারতীয়দের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কঠিন পরিশ্রমে পরবাসে গড়ে তোলা জীবন হঠাৎ উপড়ে ফেলা অত্যন্ত বেদনাদায়ক। যুক্তরাষ্ট্রের ভিসায় থাকা ভারতীয় কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, "আমেরিকার একটি বড় অংশ এখন আর আমাদের চায় না। এটি এক সাহসী নতুন ভবিষ্যতের জন্মযন্ত্রণা হতে পারে। তাই দেশে ফিরে আসুন, চলুন সবাই মিলে ভারত গড়ি।"

​গ্রিন কার্ড প্রক্রিয়ায় মার্কিন সরকারের নিষেধাজ্ঞা

মার্কিন শ্রম বিভাগ সম্প্রতি ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোবির মতো শীর্ষস্থানীয় আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানের 'স্থায়ী শ্রম সনদ' (পিইআরএম) সুযোগ স্থগিত করেছে। এই কর্মসূচির নিয়ম অনুযায়ী, কোনো পদে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রমাণ করতে হয় যে উপযুক্ত কোনো মার্কিন নাগরিক সে কাজের জন্য পাওয়া যাচ্ছে না এবং এতে স্থানীয়দের মজুরি বা কাজের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে না।

​মার্কিন শ্রম সচিব কিথ সন্ডারলিং অভিযোগ করেছেন, এই প্রতিষ্ঠানগুলো পিইআরএম ব্যবস্থার অপব্যবহার করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের নতুন কোনো আবেদন গ্রহণ কিংবা অপেক্ষমাণ আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

​দ্বিতীয়বারের মতো একই আহ্বান

শ্রীধর ভেম্বু এবারই প্রথম ভারতীয়দের নিজ দেশে ফেরার অনুরোধ জানাননি। এর আগে চলতি বছরের মে মাসে গ্রিন কার্ড নীতিমালায় পরিবর্তন এনে আবেদনকারীদের নিজ দেশে গিয়ে আবেদনের নিয়ম চালু করা হলেও তিনি আত্মসম্মান বজায় রেখে দেশে ফেরার অনুরোধ করেছিলেন। সে সময় তিনি কষ্ট সহ্য করে হলেও দেশের স্বার্থে কাজ করার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরেছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0