নয়াদিল্লিতে ভারতের মধ্যস্থতায় ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক

১৪ সেপ্টেম্বর ২০২৬ - ২০:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নয়াদিল্লিতে ভারতের মধ্যস্থতায় ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক
ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা ও অস্থির পরিস্থিতির মধ্যে ভারতের মধ্যস্থতায় মুখোমুখি হয়েছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্ব। রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।

​ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিকস সম্মেলনের সভাপতির ভূমিকা কাজে লাগিয়ে দুই দেশের উত্তেজনা প্রশমনে এই উদ্যোগ নেয় নয়াদিল্লি। পরে ভারতের ইরানি দূতাবাস দুই নেতার বৈঠকের ছবি প্রকাশ করে আলোচনার বিষয়টি নিশ্চিত করে।

​সংঘাতের পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং এর জবাবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আক্রমণের পর এটিই ছিল ইরান ও আমিরাতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। এর আগে গত এপ্রিলে ইসলামাবাদে ইরানি কর্মকর্তা ও মার্কিন মিত্রদের আলোচনায় আবুধাবি সরাসরি অংশ নেয়নি।

​দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে দেশ দুটি, যেখানে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তেহরান ও আবুধাবির সঙ্গেও ভারসাম্যপূর্ণ সমান্তরাল সম্পর্ক রক্ষা করে চলছে।

​সামরিক হামলা ও কৌশলগত সংকট

এর আগে গত বৃহস্পতিবার সকালে ইরানের সেনা কর্তৃপক্ষ জানায়, তারা কুয়েতের আহমেদ আল-জাবের ও আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জাম ডিপো ও রাডার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেহরান।

​এই সামরিক উত্তেজনার ফলে অর্থনৈতিক ও কৌশলগতভাবে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি চলতি বছরের শুরুতে ইরান ও সৌদি আরবের সঙ্গে ব্রিকসে যোগ দিলেও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে অবস্থানগত পার্থক্য দেখা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0