২০২৭ সালের ব্রিকস সম্মেলন আয়োজন করবে চীন: নয়াদিল্লিতে শি জিনপিংয়ের ঘোষণা

১২ সেপ্টেম্বর ২০২৬ - ২১:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০২৭ সালের ব্রিকস সম্মেলন আয়োজন করবে চীন: নয়াদিল্লিতে শি জিনপিংয়ের ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৭ সালে আন্তর্জাতিক জোট ব্রিকসের ১৯তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে চীন। একই সঙ্গে আগামী বছরের জন্য জোটটির সভাপতির দায়িত্বও সামলাবে দেশটি। ভারতের নয়াদিল্লিতে চলমান ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

​শি জিনপিংয়ের ঘোষণার পরপরই চীনের আগামী বছরের সভাপতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক ভিডিওচিত্রে দুই নেতার এই শুভেচ্ছাবিনিময়ের দৃশ্য দেখা যায়।

​পরবর্তীতে ভারতে অবস্থিত চীনা দূতাবাস এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি জিনপিংয়ের এই ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করে। তবে ২০২৭ সালের এই সম্মেলন চীনের কোন শহরে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

​নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন

বর্তমানে ভারত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনব্যাপী এই বৈঠকে ব্রিকসভুক্ত ১১টি সদস্য দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

​সম্মেলনের উদ্বোধনী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা একটি জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী ২০ বছরের জন্য জোটটির ‘নতুন ও উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা’ গ্রহণের আহ্বান জানান তিনি।

​ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের সম্মেলনে ‘গ্লোবাল সাউথ’ বা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে খাদ্য, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার স্থায়ী নিরাপত্তা জোরদারে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে যে মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এসব উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0