সিডনির রাস্তায় চালকের আসনে শাবনূর, পাশে গান গাইলেন রবি চৌধুরী

০৯ অক্টোবর ২০২৬ - ২২:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিডনির রাস্তায় চালকের আসনে শাবনূর, পাশে গান গাইলেন রবি চৌধুরী
ছবি সংগৃহীত

চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের দুই চেনা মুখ চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই দুই তারকার পেশাগত জীবনের বাইরেও রয়েছে দীর্ঘদিনের গাঢ় বন্ধুত্ব। এবার সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে তাদের আড্ডা ও স্মৃতিচারণার আনন্দঘন মুহূর্ত দেখা গেল।

​শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, সিডনির রাজপথে নিজেই গাড়ি চালাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। পাশে সহযাত্রীর আসনে বসে খালি গলায় গান শোনাচ্ছেন গায়ক রবি চৌধুরী। এ সময় গাড়ির পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান।

​শাবনূর দীর্ঘদিন ধরে সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। অন্যদিকে, সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাইতে সেখানে যান রবি চৌধুরী। পুরোনো বন্ধুর আগমনের খবর পেয়েই সিডনির বিভিন্ন মনোরম স্থান ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা করেন শাবনূর। সেই অনুযায়ী গাড়ি চালিয়ে বন্ধুকে নিয়ে শহর ঘুরে দেখেন তিনি।

​গাড়ি চালানোর সময় শাবনূরের প্রিয় গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি চৌধুরী। এরপর গাড়ি থেকে নেমে শাবনূরের অনুরোধে তিনি কণ্ঠে তোলেন ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। মহম্মদ হান্নান পরিচালিত এই চলচ্চিত্রের মূল গানটি গেয়েছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা, যার গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

​সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নস্টালজিক অনুভূতির কথা জানান শাবনূর। তিনি উল্লেখ করেন, প্রিয় শিল্পী রবি চৌধুরীর কণ্ঠে গানটির দু-লাইন শুনে তিনি পুরোনো স্মৃতির পাতায় ফিরে গেছেন। সিডনিতে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

​প্রসঙ্গত, আলাদা পেশার মানুষ হলেও শাবনূর ও রবি চৌধুরীর মধ্যে চমৎকার এক কাকতালীয় মিল রয়েছে। দুজনেরই জন্ম তারিখ ১৭ ডিসেম্বর। অতীতে ঢাকায় অবস্থানকালে একসঙ্গেই তাদের জন্মদিন পালনের স্মৃতি রয়েছে। সময়ের পরিক্রমায় ঠিকানা বদলালেও তাদের এই অকৃত্রিম বন্ধুত্ব রয়ে গেছে আগের মতোই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0