ঢাকায় সাদিয়া খালিদ রীতির বই ‘রীতিবাক্য’ উন্মোচন ও চিত্রনাট্যের পাঠাভিনয় অনুষ্ঠিত

২০ আগস্ট ২০২৬ - ১৩:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকায় সাদিয়া খালিদ রীতির বই ‘রীতিবাক্য’ উন্মোচন ও চিত্রনাট্যের পাঠাভিনয় অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতির প্রথম পকেট-বই ‘রীতিবাক্য’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে তাঁর রচিত চিত্রনাট্য ‘মৃত্যু থেকে জন্ম’-এর একটি বিশেষ পাঠাভিনয় প্রদর্শিত হয়।

​প্রকাশিত ‘রীতিবাক্য’ গ্রন্থটিতে লেখকের জীবনবোধ, আত্মঅনুসন্ধান, স্মৃতি ও সাধারণ জীবনজ্ঞানের ওপর ভিত্তি করে লেখা ৯৯টি ছোট ভাবনা স্থান পেয়েছে। এতে চলচ্চিত্র সমালোচনা ও সাম্প্রতিক নানা বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটেছে। মোড়ক উন্মোচন ও লেখকের সংক্ষিপ্ত বক্তব্যের পর উপস্থিত দর্শকরা বইটির বিভিন্ন প্রিয় অংশ পাঠ করে শোনান।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত পাঠাভিনয় ‘মৃত্যু থেকে জন্ম’ মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’-এর পটভূমির ওপর ভিত্তি করে তৈরি। গানটি রচনার পেছনের প্রেরণা ও সৃষ্টিপ্রক্রিয়া এই চিত্রনাট্যে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রনাট্যটি পাঠ করে শোনান নুসরাত রাইসা, ইরফান রনি, কানিজ ফারজানা আরেফিন ও সাশা। পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ প্রক্রিয়া ও অনিশ্চয়তা বিবেচনা করে দর্শকদের কাছে গল্প পৌঁছে দেওয়ার একটি কার্যকর বিকল্প মাধ্যম হিসেবে এই পাঠাভিনয়ের পথ বেছে নেওয়া হয়।

​অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অভিজ্ঞ সংগীতশিল্পী ফারশিদ আলম। সংসংগীতের পাশাপাশি তিনি ‘মিউজিক বাজ’ আয়োজনের উপস্থাপক এবং ‘পেন্টাগন’ ও ‘বোহেমিয়ান’ ব্যান্ডের সাথে দীর্ঘ দুই দশক ধরে জড়িত। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে সংগীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা এবং চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, ফখরুল আরেফীন খান ও আহমেদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, সাদিয়া খালিদ রীতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) থেকে চিত্রনাট্য রচনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। কান চলচ্চিত্র উৎসবসহ কেরালা, বেঙ্গালুরু ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি (FIPRESCI) জুরি হিসেবে দায়িত্ব পালন করা রীতি বাংলাদেশের প্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0