নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী: স্বপ্নদলের তিন দিনব্যাপী উৎসব শুরু

১৮ আগস্ট ২০২৬ - ১৬:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী: স্বপ্নদলের তিন দিনব্যাপী উৎসব শুরু
সেলিম আল দীন । ছবি:সংগৃহীত

বাংলা নাট্যের নিজস্ব ঐতিহ্য ও শিকড় সন্ধানের অগ্রদূত নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ ১৮ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করা এই গুণী নাট্যকার, গবেষক ও নাট্যতাত্ত্বিক প্রচলিত ধারার বাইরে গিয়ে বাঙালির নিজস্ব পরিবেশন রীতিকে আধুনিক মঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর রেখে যাওয়া সাহিত্যকর্ম ও নাট্যদর্শন আজও দেশের সংস্কৃতি অঙ্গনকে নতুন দিশা দেখিয়ে চলেছে।

​সেলিম আল দীনের জন্মবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন-জন্মোৎসব ২০২৬’। এটি সংগঠনটির ৩৪তম নিয়মিত আয়োজন। এবারের উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে যৌথভাবে উৎসবে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

​উৎসবের উদ্বোধনী দিন আজ মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে শোভাযাত্রা নিয়ে নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতি স্থাপন ও জীবন-দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে। আগামী ২০ আগস্ট বিকেলে স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে স্বপ্নদলের জনপ্রিয় প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-এর ১২৪ ও ১২৫তম প্রদর্শনী। ২১ আগস্ট একই স্থানে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম প্রদর্শনী। নাটক দুটির নির্দেশনায় রয়েছেন তাঁর শিষ্য জাহিদ রিপন।

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বিকাশে অনন্য ভূমিকা রাখা এই নাট্যাচার্য ‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘চাকা’, ‘যৈবতী কন্যার মন’ ও ‘প্রাচ্য’-এর মতো বহু নন্দিত নাটক রচনা করেছেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করলেও নতুন প্রজন্মের নাট্যচর্চায় তিনি এক চিরন্তন অনুপ্রেরণার নাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0