টলিপাড়ার সাংগঠনিক টানাপড়েন কাটাতে নন্দনে গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচনের ইঙ্গিত মিঠুনের
টলিউডের বিভিন্ন সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জটিলতা কাটাতে এবার সোচ্চার হলেন শিল্পী ও কলাকুশলীদের একটি অংশ। গত সোমবার, ১৭ অগস্ট নন্দনে টেকনিশিয়ান ও শিল্পীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিঠুন চক্রবর্তী, জিৎ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল সংগঠনগুলোর মধ্যকার সমস্যা মিটিয়ে কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।
সম্প্রতি ইম্পা, ফেডারেশন এবং অন্যান্য গিল্ডের কর্মকাণ্ড ঘিরে নানা বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়। পিয়া সেনগুপ্তের সরে দাঁড়ানো, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি এবং ২৬টি গিল্ডের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া টানাপড়েনে গোটা টলিউডের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। এই প্রেক্ষাপটে নন্দনের এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে গিল্ডগুলোর গণতান্ত্রিক নির্বাচনের ওপর জোর দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি স্পষ্ট জানান, গিল্ডগুলোতে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’র পুনর্গঠন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। একই সঙ্গে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর গিল্ডগুলোর নির্বাচন হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
সদস্যদের বৈধতার বিষয়েও বৈঠকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়, প্রতিটি সদস্যকে সংগঠনের নিয়ম মেনে বৈধ কার্ড সঙ্গে রাখতে হবে। অন্যথায় ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে।
মিঠুন জানান, গোটা প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে পরিচালনা করতে হবে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নজরদারি বজায় রাখার পাশাপাশি ইম্পার সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিনেতা জিৎ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সব জট কেটে যাবে এবং দ্রুত টলিপাড়ার কাজের পরিবেশ ফিরে আসবে। এখন সবার নজর আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের সম্ভাব্য নির্বাচনের দিকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











