বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে ক্ষোভ পূজা চেরির

১৮ আগস্ট ২০২৬ - ১৫:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে ক্ষোভ পূজা চেরির
অভিনেত্রী পুজা চেরি। ছবি:সংগৃহীত

ব্যক্তিগত জীবন ও বিয়ে সম্পর্কিত একাধিক সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরি। নিজের বিয়ে সম্পন্ন হওয়ার খবর অস্বীকার করে তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি বিবাহিত নন। ভবিষ্যতে দাম্পত্য জীবনে আবদ্ধ হলে সেটি নিজেই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

​সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন কেন্দ্র করে নানা খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দেন পূজা। সেখানে তিনি অভিযোগ করেন, কোনো প্রকার সত্যতা যাচাই না করেই তার নাম নানা ব্যক্তির সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত অপমানজনক ও বিব্রতকর।

​সংবাদমাধ্যমের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে পূজা চেরি উল্লেখ করেন, এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই তার বাগদান এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। শুভপরিণয় সম্পন্ন হলে সেই আনন্দের খবর তিনি ভক্ত ও গণমাধ্যমকে নিজেই জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

​বর্তমানে নিজেকে কিছুটা সময় দেওয়া এবং নতুন চলচ্চিত্রের কাজের জন্য প্রস্তুতি নেওয়ার কারণে তিনি ক্যামেরা ও পর্দার আড়ালে রয়েছেন বলে জানান পূজা। তবে তার এই আড়ালকে কেন্দ্র করে অসত্য তথ্য ছড়ানোর বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন।

​ব্যক্তিগত সুনাম রক্ষা ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের কথা তুলে ধরে এই অভিনেত্রী দেশের বিদ্যমান আইনের কথা মনে করিয়ে দেন। তিনি জানান, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ কিংবা অসত্য তথ্য প্রচার আইনত অপরাধ। এই সূত্রে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেন।

​দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করে পূজা চেরি অনুরোধ জানান, যেন বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করা হয়। তিনি সতর্ক করে বলেন, তার নীরবতাকে সুযোগ হিসেবে নিয়ে অসত্য সংবাদ প্রকাশ অব্যাহত রাখলে তিনি নিজের আইনি অধিকার প্রয়োগে বাধ্য হবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0