অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনা মামলা: প্রেমিক হাসিবুর গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তরুণ অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রিধির বসুন্ধরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রিধির মা বাদী হয়ে হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলার পর রিধির বাসা থেকে হাসিবুরকে হেফাজতে নেয় পুলিশ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকে দেখতে পান তার পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং প্রেক্ষাপট উন্মোচনে কাজ করছে ভাটারা থানা পুলিশ।
উল্লেখ্য, রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি জনপ্রিয় একক নাটকে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











