ঢাকায় রাজবাড়ীর গুণী সংস্কৃতিকর্মীদের মিলনমেলা: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে মতবিনিময়
রাজবাড়ী জেলার সংস্কৃতি চর্চায় গতি ফেরানো এবং শিল্পের সার্বিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় অবস্থানরত জেলাটির শতাধিক শিল্পী ও কলাকৌশলীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এ সভা আয়োজিত হয়। এতে রাজবাড়ীর স্থানীয় কৃতিসন্তান ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নৃত্যশিল্পী, সুরকার, লেখক ও নাট্যকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো চত্বর এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। মুক্ত আলোচনা পর্বে সংস্কৃতিকর্মীরা রাজবাড়ীতে শিল্প-সংস্কৃতি চর্চার বিদ্যমান সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও সাম্প্রতিক স্থবিরতার বিষয়গুলো সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সংস্কৃতিকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প চর্চায় যে স্থবিরতা তৈরি হয়েছে, তা নিরসনে সরকার ইতোমধ্যে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় অর্ধশত বছরের পুরোনো ও ত্রুটিপূর্ণ আইন সংশোধন এবং দেশজুড়ে সাংস্কৃতিক অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির পরিসর বৃদ্ধি এবং আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংস্কৃতির বিস্তৃত পরিধি তুলে ধরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “সংস্কৃতি কেবল গান, নাচ কিংবা নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির সার্বিক জীবনধারার প্রতিফলন। মানুষের পোশাক, খাবার, আচার-ব্যবহার ও ঐতিহ্যের সবকিছুই এর অংশ।”
এ সময় দলমত নির্বিশেষে রাজবাড়ীর সকল সংস্কৃতিকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জেলাটির শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত সভায় সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার ও পরিচালক টুকু মজনিউল, চলচ্চিত্র নির্মাতা নূর ইমরান মিঠু, বন্ধন বিশ্বাস, মনিরুজ্জামান মুন্না, অভিনেতা ও আবৃত্তিকারসহ রাজবাড়ী জেলার বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যা আয়োজিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











