শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও এসএসসিতে জিপিএ-৪ পেলেন অভিনেত্রী ইসরাত অতিথি
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান উদীয়মান অভিনেত্রী ইসরাত অতিথি। অভিনয় জীবনের ব্যস্ত সূচির মাঝেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সফলতার মুখ দেখেছেন তিনি। তিনি জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। এর আগে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে নাটকটির শুটিংয়ের চাপ সামলে বিজ্ঞান বিভাগের পড়ালেখা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ায় পরবর্তীতে বিভাগে পরিবর্তন আনেন তিনি। বোর্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল প্রশাসনের সাথে আলোচনা করে মানবিক বিভাগে স্থানান্তরিত হন এই অভিনেত্রী। অল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও তিনি নতুন সিলেবাসের সাথে খাপ খাইয়ে নেন এবং স্কুলের টেস্ট পরীক্ষায় নিজ সেকশনে প্রথম স্থান অর্জন করেন।
ইসরাতের এই অর্জনে তার পরিবার অত্যন্ত আনন্দিত। তিন বোনের মধ্যে ছোট ইসরাতের মেজ বোন সাফিনা জানান, শুটিংয়ের কড়া সূচির মধ্যেও ইসরাত কঠোর পরিশ্রম করেছে। তার এমন ফলাফলে পুরো পরিবার উচ্ছ্বসিত।
পরীক্ষার প্রস্তুতির অভিজ্ঞতা জানিয়ে সাফিনা বলেন, এসএসসি পরীক্ষা শুরুর মাত্র দুই দিন আগেও শুটিংয়ে অংশ নিয়েছিলেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময়ে কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় পৌঁছান এবং ১০টার মধ্যেই তাকে পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হয়েছিল। এছাড়া শুটিং সেটেও বিরতির সময় বই নিয়ে বসে যেতেন তিনি।
কঠিন সময় পেরিয়ে কাক্সিক্ষত সাফল্য মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতি শেয়ার করেছেন ইসরাত অতিথি। পরীক্ষার ফল প্রকাশের পর তিনি ফেসবুকে লিখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।” অভিনয়ের পাশাপাশি সমানতালে পড়ালেখা চালিয়ে ভালো ফলাফল করায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় ভাসছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











