দীর্ঘ ৫ বছর পর চলচ্চিত্রের গানে ফিরেছেন সংগীতশিল্পী আগুন
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন। দীর্ঘ পাঁচ বছরের ব্যবধান শেষে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার মাধ্যমে নতুন করে প্লেব্যাকে ফিরলেন তিনি। সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
‘স্বপ্নের নায়িকা’ গানটির যৌথভাবে গীতিকার নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। আনোয়ার শিকদার টিটনের সুর ও সংগীতে এতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। সংগীত পরিচালক জানান, দেশের চলচ্চিত্রের সোনালি সময়ের অন্যতম প্রধান গায়ক আগুনকে মাথায় রেখেই গানটির সুর ও সংগীত আয়োজন করা হয়েছিল। গানটির ডেমো শোনানোর পর তা পছন্দ করে সানন্দে ভয়েস দিয়েছেন আগুন।
কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের সন্তান আগুন ১৯৯০-এর দশকে চলচ্চিত্র সংগীতে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে অমর নায়ক সালমান শাহ অভিনীত অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি দেশজুড়ে শ্রোতাদের হৃদয় জয় করেন। সালমান শাহ ও মৌসুমী অভিনীত ঐতিহাসিক 'কেয়ামত থেকে কেয়ামত' চলচ্চিত্রের মাধ্যমে তার প্লেব্যাক ক্যারিয়ারের সূচনা হয়।
পরবর্তীতে তিনি ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’ ও ‘আমার আছে জল’-এর মতো বহু স্মরণীয় চলচ্চিত্রে জনপ্রিয় সব গান উপহার দেন। তবে শেষ এক-দেড় দশকে সংগীতে অনিয়মিত হয়ে পড়েন এই শিল্পী। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘শত্রু’ সিনেমায় তার শেষ প্লেব্যাক শোনা গিয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











