তিন দশকের পথচলায় সুরকার রাজেশ ঘোষের নতুন শুরু: বাজারে এলো মাহতিম-সিঁথির ‘দুচোখ তোমার’
ক্যাসেট ও সিডির সোনালী যুগে মিউজিক অ্যালবামে যার সুরের জাদু শ্রোতাদের মুগ্ধ করতো, সেই স্বনামধন্য সুরকার রাজেশ ঘোষ সংগীত অঙ্গনে অতিক্রম করেছেন দীর্ঘ ৩০ বছর। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কালজয়ী একাধিক গানের সুরস্রষ্টা হিসেবে পরিচিত এই সুরকার এবার নতুন এক অধ্যায়ে পা রাখলেন।
সম্প্রতি নিজের প্রথম অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘আরআর মিউজিক’ (RR Music) চালু করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে তার সুর করা নতুন গান ‘দুচোখ তোমার’।
মনজুরুল আলম চৌধুরীর কথায় এবং মুশফিক লিটুর সংগীতায়োজনে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। গানের রোমান্টিক ভাবধারা ও শিল্পীদ্বয়ের গায়কী প্রকাশ পাওয়ার পর থেকেই শ্রোতামহলে ইতিবাচক সাড়া ফেলছে। সৌরভ ঘোষ নীলয়ের পরিচালনায় নির্মিত গানটির ভিডিও চিত্রে মডেল হিসেবে অভিনয় করেছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ।
দীর্ঘ ক্যারিয়ার ও নিজস্ব চ্যানেল চালু করা প্রসঙ্গে সুরকার রাজেশ ঘোষ জানান, তিন দশকের এই সংগীতযাত্রায় শ্রোতাদের ভালোবাসাই তার মূল অনুপ্রেরণা। বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি এই উদ্যান উন্মুক্ত করেছেন। নতুন নতুন মৌলিক গান ও দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এই চ্যানেলটি বাংলা গানপ্রেমীদের একটি মেলবন্ধনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











