কনসার্টে বোতল নিক্ষেপের ঘটনায় উদারতা দেখালেন ‘আর্ক’খ্যাত হাসান
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত একটি কনসার্টে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েও চরম উদারতার পরিচয় দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর প্রধান ভোকাল ও কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গত ৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওই কনসার্টে পরিবেশন চলাকালে দর্শকসারি থেকে ছোঁড়া একটি পানির বোতল সরাসরি তার মুখে এসে লাগে। তবে এই আকস্মিক ঘটনায় বিচলিত না হয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি পরিবেশনা অব্যাহত রাখেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে সংগীতপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ব্যান্ড সংগীতশিল্পীদের সংগঠন ‘বামবা’সহ সংগীত অঙ্গনের অনেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানান। তবে ভক্তদের উদ্বেগ ও ক্ষোভের বিপরীতে অত্যন্ত শান্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন এই শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাসান জানান, তিনি এই ঘটনায় কাউকে দোষারোপ করছেন না এবং বিষয়টিকে ভুল হিসেবেই দেখছেন। তিনি লেখেন, “আমি কিছু মনে করিনি, হয়তো কেউ ভুল করে ফেলেছে! একটি ভালো প্রোগ্রাম করতে গেলে একটু বাধা আসবেই। ভবিষ্যতে আর কারও ওপর যেন এ রকম না হয়—এই কামনা রইল।”
তার এই বিনয়ী বক্তব্যে ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। অন্য একটি বার্তায় সংগীতের প্রতি নিজের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করে এই রক তারকা লেখেন, “গানই আমাদের ভাষা। স্টেজই আমাদের ঘর। দর্শকই আমাদের শক্তি। আমরা বাজাই, আমরা গাই, আমরা রক করি। শো মাস্ট গো অন!”
উল্লেখ্য, উক্ত কনসার্টে ‘আর্ক’ ছাড়াও শিরোনামহীন, আর্টসেল, এভয়েড রাফা, আর্বোভাইরাস, কুড়েঘর এবং একক শিল্পী হিসেবে আসিফ আকবর, পারসা ও র্যাপার সেজান সংগীত পরিবেশন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











