বসুন্ধরা সিটিতে ‘ক্যাফে অ্যামাজন’র উদ্বোধন: হাবিব ও জেফারের গানে সুরের মূর্ছনা
ঝলমলে আলোকসজ্জা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে অ্যামাজন’। বৃহস্পতিবার (৬ আগস্ট) নতুন এই আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজনটি স্রেফ বাণিজ্যিক উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি; তারকাদের উপস্থিতি ও দর্শনার্থীদের সমাগমে তা পরিণত হয়েছিল আনন্দমুখর এক সাংস্কৃতিক উৎসবে।
উদ্বোধনী সন্ধ্যার সূচনায় প্রায় ঘণ্টাব্যাপী গান পরিবেশন করে মঞ্চ মাতান হালের জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। এরপর সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে উপস্থিত দর্শকের করতালি ও ভালোবাসার জবাবে মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।
মঞ্চে উঠে ক্যাফে অ্যামাজনের নতুন পথচলার প্রতি শুভকামনা জানান হাবিব। একই সঙ্গে উপস্থিত অনুরাগীদের সঙ্গে আড্ডার ছলে নিজের পছন্দের পানীয় ‘হট কফি’র কথা জানান তিনি। এর পরপরই সুরের মায়াজালে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন এই শিল্পী।
সঙ্গীত পরিবেশনার শুরুতেই হাবিব পরিবেশন করেন ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রের জনপ্রিয় গান 'তোমারে দেখিলো পরানো ভরিয়া'। একে একে তিনি গেয়ে শোনান 'দিন গেল তোমার পথ চাহিয়া', 'বলে তো দিয়েছি হৃদয়ের কথা', 'রাত নির্ঘুম', 'আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই' এবং 'পৃথিবীর যত সুখ'। এছাড়াও শ্রোতাদের ভালোবাসায় তিনি গানে গানে ছড়িয়ে দেন 'বন্দে মায়া লাগাইছে', 'ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে', 'ওই বেনি খুলে এলো চুলে', 'কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে', 'যাদু' এবং 'মহাজাদু' গানগুলো।
পুরো আয়োজনে গানের পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি সংলাপে মেতে ওঠেন হাবিব। কফির সুবাস আর জনপ্রিয় গানের আবহে ক্যাফে অ্যামাজনের গ্র্যান্ড ওপেনিংয়ের পুরো সন্ধ্যাটি তরুণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় রূপ নেয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











