সিবিএফসি থেকে সেন্সর ছাড়পত্র পেল ‘আওয়ারাপন ২’, করতে হলো ৯টি এডিট
অভিনেতা ইমরান হাশমির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আওয়ারাপন ২’ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র লাভ করেছে। তবে সেন্সর বোর্ডের অনুমোদনের জন্য সিনেমাটিতে ৯টি ক্ষেত্রে এডিট ও সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। এসব সংশোধনীর পর ছবিটিকে ‘UA 16+’ সার্টিফিকেট দেওয়া হয়, যার অর্থ অভিভাবকের তত্ত্বাবধানে ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
২০২৬ সালের ৫ আগস্ট ইস্যুকৃত সেন্সর সার্টিফিকেট অনুযায়ী, কাটছাঁট ও এডিটের পর ‘আওয়ারাপন ২’ সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৪০ মিনিট ২০ সেকেন্ড (২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড)। সার্টিফিকেট সূত্রে জানা গেছে, ছবিটি প্রেক্ষাগৃহে ইংরেজি সাবটাইটেলসহ হিন্দি ভাষায় প্রদর্শিত হবে।
সিবিএফসি-এর নির্দেশনাবলী অনুযায়ী, চলচ্চিত্রে মাদকের অপব্যবহার এবং শিশু পাচার সম্পর্কিত সতর্কবার্তা (ডিসক্লেইমার) যুক্ত করতে বলা হয়েছে। এছাড়া সিনেমার হিন্দি শিরোনাম সংযোজনের পাশাপাশি বিভিন্ন দৃশ্যে মাদকবিরোধী ও ধুমপানবিরোধী স্থায়ী বার্তা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে অডিও ও সাবটাইটেল উভয় স্থান থেকেই অশ্লীল শব্দ বাদ দিয়ে পরিমার্জিত শব্দ প্রতিস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বেশ কিছু সহিংসতার দৃশ্যের মাত্রা কমানো হয়েছে—যার মধ্যে একটি নির্দিষ্ট দৃশ্যে সহিংসতার মাত্রা ৫০ শতাংশ হ্রাস করা হয়। চরম সংবেদনশীল ও সহিংস কয়েকটি দৃশ্য ছোট করার পাশাপাশি মাদক গ্রহণের দৃশ্যও কাটছাঁট করা হয়েছে। ২০ সেকেন্ডের একটি দৃশ্য সম্পূর্ণ প্রতিস্থাপনসহ মোট ৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়ার পর সিনেমার শেষ অংশের ক্রেডিট মিউজিকের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়।
সব মিলিয়ে ৪ মিনিটের দৃশ্য কর্তন ও ২০ সেকেন্ডের দৃশ্য প্রতিস্থাপনের পর সিনেমাটি প্রদর্শনীর অনুমতি পায়। আগামী ১৪ আগস্ট, ২০২৬ তারিখে ‘আওয়ারাপন ২’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











