সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ
ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। বুধবার (৫ আগস্ট) রাতে অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী পিকআপ তার গাড়িকে সজোরে ধাক্কা দিলে তিনি আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় তিনি মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে দুর্ঘটনার কথা নিজেই নিশ্চিত করেছেন মৌসুমী মৌ।
ফেসবুক পোস্টে দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। এতে মাথা, বুকে, পা ও হাতে আঘাত পাই। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"
দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে তিনি জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও বড় বিপর্যয় ঘটতে পারত। গাড়িটির দরজার অংশে আঘাত লাগলে প্রাণহানির আশঙ্কাও ছিল বলে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত পিকআপ চালকের বেপরোয়া গাড়ি চালানো এবং আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মৌ লেখেন, চালকটির গাড়ি চালানোর মতো মানসিক সুস্থতা ছিল না এবং গাড়িটির ব্রেকও অকার্যকর ছিল। পরবর্তীতে পিকআপের মালিক জানান, ঐ চালকের গাড়ি চালানোর কথা ছিল না।
দুর্ঘটনাটি ঠিক কোন স্থানে ঘটেছে সে বিষয়ে পোস্টে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে বর্তমানে সুস্থ ও জীবিত আছেন উল্লেখ করে পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











