শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ভক্তদের দিলেন আবেগঘন বার্তা
শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আঘাত পেয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এক নাচের দৃশ্যের শুটিং চলাকালে তার ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে যায়। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।
রাশমিকা জানান, ‘মাইসা’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের নাচের দৃশ্য ধারণের সময় তিনি এই দুর্ঘটনায় পড়েন। চিকিৎসকরা তাকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে নিজের কিছু সেলফির পাশাপাশি উপহার পাওয়া ফুলের তোড়া, পাজল, কুকিজ এবং পোষা কুকুরের ছবিও যুক্ত করেছেন এই অভিনেত্রী।
পোস্টে রাশমিকা উল্লেখ করেন, তিনি চেয়েছিলেন আঘাত পাওয়ার বিষয়টি গোপন রাখতে। তবে কিছুদিন কাজ থেকে দূরে থাকায় ভক্তদের চিন্তামুক্ত করতেই সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে পরপর তিনবার চোট পাওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, শরীরকে যন্ত্রের মতো না ভেবে এর সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
যন্ত্রণা থাকলেও তা অসহনীয় নয় জানিয়ে রাশমিকা বলেন, ঈশ্বর হয়তো তাকে ইচ্ছাকৃত বিরতি না নেওয়ার কারণে এভাবেই বিশ্রামের সুযোগ করে দিয়েছেন। তবে বিশ্রামে থাকার এই সময়ে নিয়মিত শরীরচর্চা বন্ধ হয়ে যাওয়ায় ওজন বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান তিনি। মিষ্টি ও ডেজার্ট খাবারের প্রতি ঝোঁক বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে দ্রুত সুস্থ হয়ে আবার শুটিং সেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেন এই তারকা। একইসঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











